হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নিয়াজুল ইসলাম মুগ্ধ (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি হাইমচর উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলামের দ্বিতীয় সন্তান।
বুধবার (২২ অক্টোবর) সকালে দক্ষিণ আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গন্ডামারা এলাকার চরপোড়ামুখী গ্রামের কাজী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ও শিশুটির কাকা মাহবুব কাজী জানান, সকাল আনুমানিক ১০টার দিকে নিয়াজুল ইসলাম মুগ্ধ বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মামুন রায়হান জানান, পানিতে পড়া শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশু নিয়াজুল ইসলাম মুগ্ধকে দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









