নিজস্ব প্রতিবেদক:
আধুনিক সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হচ্ছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে এই প্রথম এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হলো।
প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। কর্মসূচির প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাস্তার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করবেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এছাড়া ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন— ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।
প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—ইউজিসি) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে।
চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং তারা আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবেন।
এদিকে, জেলার ৭ উপজেলার প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার তালিকাভুক্ত মনোনীত প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগের নম্বর: ০১৭১১০১৩৪৪৪ (সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব)।














