নিজস্ব প্রতিনিধি:
একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে জেলা বিএনপির গ্রাম ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকারকে একযোগে দুটি অপশক্তি মোকাবিলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিগুলো একত্রিত হয়ে সরকারকে অকার্যকর ও ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, “দেশে বর্তমানে জ্বালানি ও গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং সরকার বিকল্প উপায়ে এই সংকট মোকাবিলার আপ্রাণ চেষ্টা করছে। বিগত আওয়ামী লীগ সরকার ও পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে গ্যাসের নতুন কোনো কূপ খনন বা অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। এই সংকট দূর হলে সরকার পরিস্থিতির আলোকে গ্যাসের মূল্য নির্ধারণ করবে।”
পোশাক শ্রমিকদের আন্দোলন এবং সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, সরকার পোশাক শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে এবং তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। তবে এই আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহিংসতা ও অপতৎপরতার সুযোগ তৈরি হওয়ার দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না।
তিনি আরও অভিযোগ করেন, “১১ দলের লং মার্চে জামায়াতের আমির মন্তব্য করেছিলেন—দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। তাঁর এই উসকানিমূলক বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহিংসতা ও ভাঙচুর শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার হীন উদ্দেশে তৈরি পোশাক শিল্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হচ্ছে।”
জানাজায় কালিনাথপুর/কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ নেতা হামিদুল ইসলাম ও তবিবুর রহমান মুফতিসহ বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














