ডেক্স রিপোর্টঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে নির্বাচনের আশ্বাসের পর থেকেই চক্রান্তকারীরা ঝামেলা শুরু করে দিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি উত্তেজিত না হতে এবং তাদের পাতা ফাঁদে পা না দিতে আহ্বান জানান। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদল আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘৭১ ও ৯০ এর পর ২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই বিজয়ের কৃতিত্ব জনগণের, যারা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেমে এসেছিলেন।’ তিনি সতর্ক করে বলেন, দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও ষড়যন্ত্র থেমে নেই। সোশ্যাল মিডিয়ায় নেতাদের বিরুদ্ধে, বিশেষ করে তারেক রহমান সম্পর্কে ‘অশ্লীল ও অশ্রাব্য ভাষায়’ কথা বলা হচ্ছে, যা ভয় পেয়ে করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি সবাইকে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ১৯৭১ সালের স্বাধীনতা ঘোষণা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং জনগণের চাওয়ার কারণে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘লন্ডনে তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের পর ষড়যন্ত্র শুরু হলো – নির্বাচন হতে দেওয়া যাবে না।’ তিনি দৃঢ়ভাবে বলেন, দেশের মানুষ তাদের দাবি আদায় করে নেবে এবং এই নির্বাচন ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই অনুষ্ঠিত হবে।
বিএনপি ক্ষমতা চায় না বরং বাংলাদেশে একটি গণতান্ত্রিক কাঠামো চায় এবং মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করুক, এটাই তাদের লক্ষ্য বলে তিনি জানান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্রের শত্রু চতুর্দিকে; বিএনপি হচ্ছে ডেমোক্রেসি, ফ্রিডম এবং ডেভলপমেন্ট।’ তিনি ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির পথে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং চক্রান্তকারীদের কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করেন।
সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিএনপি কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন।









