স্টাফ রির্পোটার:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই দুই উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা হিসেবে পরিচিত।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার হাতে পদত্যাগপত্র তুলে দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।”
প্রধান উপদেষ্টা এই দিনটিকে ‘একটি ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না।”
তিনি ছাত্রনেতাদের এই পরিবর্তনকে ‘একটি রূপান্তর মাত্র’ হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, “আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে।” প্রধান উপদেষ্টা দুই ছাত্রনেতাকে নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, “সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।”
এই দুই উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে সরকারের মধ্যে পরিবর্তন এলো, যা আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















