কিশোর গ্যাং দমন এবং মাদক উদ্ধারে বিশেষ সফলতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্বের পুরস্কার ও বিশেষ সম্মাননা পেয়েছেন নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন। জেলা পুলিশ সুপারের (এসপি) পক্ষ থেকে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআই জাকির হোসেন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্বে পরিচালিত বেশ কয়েকটি সফল ও সাহসিকতাপূর্ণ অভিযানে কিশোর গ্যাংয়ের একাধিক সক্রিয় সদস্য গ্রেপ্তার হয় এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়। পেশাগত এই সাহসিকতা ও অনন্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেই জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হলো।
পুরস্কৃত হওয়া এসআই জাকির হোসেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পেশাগত জীবনে অত্যন্ত সৎ, কর্মঠ ও সাহসী এই কর্মকর্তা এর আগেও নোয়াখালী জেলায় ‘শ্রেষ্ঠ মাদক ও অস্ত্র উদ্ধারকারী’ হিসেবে একাধিকবার পুলিশের ঊর্ধ্বতন মহলের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছেন।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই জাকির হোসেন জেলা পুলিশ সুপারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন:
“যেকোনো কাজের রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ ও উদ্দীপনা আরও বহুগুণ বাড়িয়ে দেয়। দেশ ও জাতির কল্যাণে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমি সর্বদা আপসহীন ও নিরলসভাবে কাজ করে যেতে চাই।”
Oplus_131072
নোয়াখালীবাসীকে একটি নিরাপদ, অপরাধমুক্ত ও মাদকমুক্ত জেলা উপহার দিতে ভবিষ্যতেও কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাঁর এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।