Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • পারিবারিক কলহের জেরে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, বাবা আটক

পারিবারিক কলহের জেরে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, বাবা আটক

পারিবারিক কলহের জেরে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, বাবা আটক

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে একই পরিবারের তিন সদস্যের বিষপান করার ঘটনায় মা ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আড়াই বছর বয়সী এক ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী ও শিশুদের বাবা মিলন মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন উর্মি বেগম (২২) এবং তাঁর মেয়ে মিম আক্তার (৫)। চিকিৎসাধীন রয়েছে আড়াই বছরের শিশু আবির হোসেন। উর্মির স্বামী মিলন পেশায় একজন গাড়িচালক। তাঁরা মাধবদী থানার কান্দাপাড়া এলাকার শেফালী বেগমের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে উর্মি বেগম ও তাঁর স্বামী মিলনের মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মিলন তাঁর স্ত্রীকে জুতা দিয়ে আঘাত করেন। এই অপমানের জের ধরে উর্মি তাঁদের দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান।

পরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় পৌঁছানোর পর তিনি নিজে হারপিক বা এজাতীয় কোনো বিষাক্ত তরল পান করেন এবং দুই শিশু সন্তানকেও তা পান করান। এতে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে পাঠান।

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উর্মি বেগমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অপর দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক ৫ বছরের শিশু মিমকেও মৃত ঘোষণা করেন। অপর শিশু আবির হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় স্বামী মিলনকে আটক করে শুক্রবার দুপুরে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts