স্টাফ রির্পোটার:
বিদ্যুৎ বিল বেশি আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ভিডিও পোস্ট করার জেরে গাজীপুরে কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার মো. সিকান্দর আলীর ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও লেখালেখি করে আসছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন তিনি। ভিডিওটিতে তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং গত মাসে ৫ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে ক্ষোভ প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে আটক করে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, সরকারের নীতিনির্ধারক ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে রিমান্ড আবেদন করা হতে পারে।














