চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে গ্রাহকদের প্রায় শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ‘যুবধারা সমবায় সমিতি’র চেয়ারম্যান জুলহাস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গ্রাহকদের বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আরিফুল ইসলাম নামের এক ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় আদালত জুলহাস মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারকৃত জুলহাস মিয়া হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে।
<
অভিযুক্ত জুলহাস মিয়া ‘যুবধারা সমবায় সমিতি’র নামে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট, বাকিলা ও হাজীগঞ্জে শাখা অফিস খুলে সাধারণ গ্রাহকদের উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
<
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে এসআই আবির হোসেন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
<
বহু আলোচিত এই সমবায় সমিতির প্রধানের গ্রেপ্তারের খবরে স্থানীয় ভুক্তভোগী গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে যেসব গ্রাহক এখনো তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি বা প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনি সহায়তার জন্য হাজীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।














