চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের রামপুর ইউনিয়নে শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে শ্রীশ্রী গীতা সংঘের আয়োজনে কামরাঙ্গা চাঁন্দেরবাগ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এর মধ্যে রয়েছে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপনের অধিকার রয়েছে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যেন নিজেদের নিরাপত্তাহীন মনে না করেন—এটা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।” শান্তি ও সম্প্রীতি বিনষ্টকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রবিন্দ্র দাসের সভাপতিত্বে এবং উর্মী দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।














