চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিয়মিত অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার টাকাসহ মো. হযরত আলী (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হযরত আলী ওই বাড়ির বাচ্চু মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর বিকেলে কচুয়া থানাধীন হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়ীর উত্তর দুয়ারী টিনের চালা ও টিনের ছাউনিযুক্ত তিনকক্ষ বিশিষ্ট চৌচালা বসতঘরের পশ্চিম দক্ষিণ পার্শ্বের কক্ষে অভিযান চালানো হয়। এ সময় আসামির নিজ দখলীয় কক্ষ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা রঙের ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।














