নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়ি এনে বিষধর গোখরা সাপ পোষার খেসারত দিচ্ছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক কাঠমিস্ত্রি। সাপের ছোবলে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজ বাড়িতে সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন ইকবাল। এ সময় হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসকরা রোগীর লক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে বিষধর সাপের কামড় নিশ্চিত হওয়ার পর দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ শুরু করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, রোগীর অবস্থা বিবেচনায় ইতিমধ্যে দুই দফায় মোট ২০ ভায়াল অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছে। রোগীর অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। পরিস্থিতির আরও অবনতি হলে শেষ চেষ্টা হিসেবে তৃতীয় ডোজ অ্যান্টিভেনম দেওয়া লাগতে পারে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কিছু নিশ্চিত করে বলতে পারছেন না।
আহত ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, তার স্বামীর বিভিন্ন ধরনের প্রাণী ও পাখি পালনের শখ ছিল। কয়েক মাস আগে তিনি বিল থেকে একটি গোখরা সাপ ধরে বাড়িতে এনে একটি বাক্সে বন্দি করে পুষছিলেন। বিষধর সাপ বাড়িতে না রাখতে স্ত্রী বারবার নিষেধ করলেও তিনি তা শোনেননি। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধও হয়েছিল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই মৃত্যুর মুখে পতিত হলেন ইকবাল।
















