স্টাফ রিপোর্টার:
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাদিয়া আক্তার (২২) নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এনসিপির নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া আক্তার কুড়পাড় এলাকার বেশ কয়েকজনকে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ আশ্বাসের বিনিময়ে তিনি অন্তত পাঁচজন ব্যক্তির কাছ থেকে জনপ্রতি তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেন। পরবর্তীতে স্থানীয় লোকজনের বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা সাদিয়াকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ বিষয়ে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। প্রাথমিক তথ্যের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো পুরোপুরি অবগত নন। তবে এ ধরনের অপরাধের দায় দল নেবে না জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













