চাঁদপুর প্রতিনিধি:
নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরপরই জেলা এনসিপি এই সিদ্ধান্ত নেয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ওঠায় জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে তাঁর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উধাও হন এনসিপি নেতা শেখ রহমত উল্লাহ। এরপর থেকেই তাঁদের মুঠোফোন বন্ধ রয়েছে।
পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরেই ওই নারীর সঙ্গে রহমত উল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে শনিবার রাতে তাঁরা একসঙ্গে চলে যান। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর দুই শিশু কন্যাকে সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় যান। প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলমও বিষয়টি নিশ্চিত করে দীর্ঘদিনের সম্পর্কের অভিযোগ তোলেন।














