নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
সমাবেশে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসীর নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছে। সে বলছে, তাদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা। শুধু নাসীরই নয়, এনসিপির নেতারা যে বক্তব্য দিচ্ছে তা রাজনীতির পরিবেশকে নষ্ট করছে। তাদের প্রতিহত করতে না পারলে দিন দিন তাদের আস্ফালন বেড়ে যাবে। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই গণধোলাই দিতে হবে।’
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঢাকা শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ‘কালবেলা’কে বলেন, ‘কিছুদিন ধরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন তা শিষ্টাচারবহির্ভূত। এ ধরনের বক্তব্য দেওয়ার পরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ আমাদের নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।’
এনসিপি নেতাদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাদেরই বহন করতে হবে।’
উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বলেন, তাদের তিন দাবি মেনে নেওয়া হলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না। এই বক্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।














