স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ৫৬ পিস ইয়াবাসহ তানভীর (২৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৈশাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আটক তানভীর ওই এলাকার আবুল হোসেন মিজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৈশাদী ইউনিয়ন বিএনপির নির্দেশনায় ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাদকবিরোধী সচেতনতার অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালান। এ সময় তানভীরকে ৫৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মাদকসহ তাকে চাঁদপুর মডেল থানার এএসআই শরীফের নিকট হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, অভিযুক্ত তানভীরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
















