চাঁদপুর প্রতিনিধি:
ইন্ডাস্ট্রিয়া-একাডেমিয়া কোলাবোরেশনের আওতায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) এবং জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের ফলে এখন থেকে চাঁবিপ্রবির শিক্ষার্থীরা ঘরে বসেই ‘জনতা পে গেটওয়ে’ ব্যবহার করে অনলাইনে টিউশন ফি, ভর্তি ফি এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ আল মামুন এবং জনতা ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন চাঁদপুর এরিয়ার এরিয়া প্রধান ফারুক হোসেন।দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ লোকমান হোসেন।
এছাড়া জনতা ব্যাংক পিএলসি নতুনবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
নতুন এই ব্যবস্থার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংকে সশরীরে উপস্থিত হয়ে ফি দেওয়ার দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি মিলবে। এর মাধ্যমে যেমন সময় ও শ্রম সাশ্রয় হবে, তেমনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের ব্যাংকিং লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ক্যাশলেস সমাজ বিনির্মাণের প্রেক্ষাপটে চাঁবিপ্রবিতে জনতা ব্যাংকের এই আধুনিক সেবা চালুর মাধ্যমে উচ্চশিক্ষার আঙিনায় ডিজিটাল ব্যাংকিংয়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।














