চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) চিকিৎসাধীন এক রোগীর মাথার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ওই রোগীর মাথা ফেটে রক্তক্ষরণ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের ২৫ নম্বর বেডে এই দুর্ঘটনা ঘটে।
আহত রোগীর নাম আবুল খায়ের পাটোয়ারী (৫০)। তিনি জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও গ্রামের বাসিন্দা।
হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে আবুল খায়ের পাটোয়ারী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ২৫ নম্বর বেডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। দুপুরের দিকে তিনি বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ ওপরের ছাদের পলেস্তারা খসে সরাসরি তাঁর গায়ের ওপর এসে পড়ে। এতে তাঁর মাথা ফেটে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। পরে হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ক্ষুব্ধ স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালের বেহাল অবকাঠামো ও দীর্ঘদিন সংস্কার না করার কারণে প্রায়ই পলেস্তারা খসে পড়ার আশঙ্কা থাকে। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটল। যেকোনো সময় আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে তারা অবিলম্বে হাসপাতালের ঝুঁকিপূর্ণ ছাদ ও ভবন দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আহত রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি আশঙ্কামুক্ত আছেন।
এছাড়া হাসপাতালের যে সমস্ত স্থান ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে, সেগুলোর দ্রুত সংস্কার ও মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।














