স্টাফ রিপোর্টার:
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমানের সরকার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠেছে। সরকারের দায়িত্ব ছিল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির চিত্র প্রমাণ করে বিএনপি সরকার প্রবাসী বিরোধী সরকার। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠিয়েছে! অনতিবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দিয়ে বিমানবন্দরের বিদ্যমান সমস্যা সমাধান করে প্রবাসীদের হয়রানি বন্ধ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।














