নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েছেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি মো. আলম পলাশ। এ সময় ডাকাতদের ছোড়া ইটের আঘাতে প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় এবং কাচের আঘাতে ওই সাংবাদিক আহত হন। তবে চালকের বুদ্ধিমত্তার কারণে প্রাণে বেঁচে গেছেন গাড়িতে থাকা যাত্রীরা।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শ্রী রায়ের চর (গালিমখা) ব্রিজের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিক আলম পলাশ জানান, তিনি প্রথম আলোর প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে চাঁদপুরের বাবুরহাট থেকে একটি প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে মতলব উত্তরের শ্রী রায়ের চর ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ তিনজন ডাকাত গাড়ির সামনে সজোরে বড় ইট ছুড়ে মারে। এতে মুহূর্তেই প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। এ সময় সামনের যাত্রীর আসনে বসা আলম পলাশের শরীরের বিভিন্ন স্থানে কাচের টুকরো ঢুকে আঘাত লাগে।
তিনি আরও জানান, ওই গাড়িতে দুই নারীসহ এক প্রবাসীও ছিলেন। তবে চালক অত্যন্ত চতুর ও সাহসিকতার পরিচয় দেওয়ায় গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করেন। যার ফলে তাঁরা বড় ধরনের বিপদ বা সর্বস্বান্ত হওয়া থেকে রক্ষা পান। পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, বিষয়টি জানার পরপরই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে গত দুই দিনে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে ঘটা এই হামলার ঘটনায় পুলিশ আবারও সাঁড়াশি অভিযান শুরু করেছে।















