Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • চার দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি সফরসঙ্গীদের নিয়ে টোকিওর উদ্দেশে রওনা হন।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী এই সরকারি সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে আরও রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।

চার দিনের সফর শেষে আগামী ২৯ অক্টোবর জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ওই দিন রাত ১০টা ৩৫ মিনিটে তাঁর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

26 October 2026

চার দিনের সরকারি সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

www.hostbuybd.com