Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • কৃষি
  • ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধান ও শীতকালীন আগাম সবজির খেত নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। কোথাও ধানের গাছ নুয়ে পানিতে ডুবে গেছে, আবার কোথাও জলাবদ্ধতায় নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। এতে নতুন করে সবজি রোপণ এবং ধান কাটতে বাড়তি খরচের আশঙ্কা করছেন তারা। ইতোমধ্যে জেলায় মোট ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদফতর ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে চাঁদপুর জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে জেলার আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি মিলিয়ে ৬০৯ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে সবজির জমিতে পানি জমে আছে। অনেক ক্ষেতের মৌসুমি সবজির গাছ নুয়ে পড়েছে এবং কোথাও কোথাও পুরো জমি পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে, আমন ধানের গাছ নুয়ে পড়ায় ফসল কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে থাকায় অনেকটা পানির মধ্যেই ধান কাটতে হচ্ছে তাদের, ফলে শ্রমিকের মজুরি ও ফসল ঘরে তোলার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাগাদী গ্রামের কৃষক মোবারক ব্যাপারী বলেন, “টানা বৃষ্টিতে শাকসবজিসহ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের ক্ষতি বেশি হয়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।”

একই এলাকার কৃষক আবুল কালাম আজাদ জানান, তিনি প্রায় দুই একর জমিতে ধনিয়া, লালশাক, পালংশাক ও মুলার আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে এসব সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ক্ষেতের গাছ নষ্ট হয়ে গেছে। তার ভাষায়, “নতুন করে আবার আবাদ করতে হবে।”

কৃষক মনসুর আহমেদ প্রায় এক একর জমিতে আমন ধান চাষ করেছেন। বৃষ্টিতে ধানের গাছগুলো নুয়ে পড়ায় লোকসানের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আবাদে যে খরচ হয়েছে, তা বাদ দিলে এখন ধান কেটে বাড়িতে আনতে যে খরচ হবে, সেই টাকা শ্রমিকের মজুরি হিসেবেই চলে যাবে। এতে লাভের পরিবর্তে লোকসানের শঙ্কা তৈরি হয়েছে।”

আরেক কৃষক আবুল বাসার বলেন, “পুরো মাঠের কৃষকরাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌসুমি সবজি নতুন করে রোপণ করতে হবে। ঋণ করে সবজির আবাদ করেছি। এ অবস্থায় সরকারি সহযোগিতা পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।”

এ বিষয়ে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, “টানা তিন দিনের বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি আক্রান্ত হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ করছেন। তবে আক্রান্ত ফসলের বেশির ভাগই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জরিপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি পাওয়া গেলে কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার জন্য সুপারিশ করা হবে।”

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 November 2026

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

www.hostbuybd.com