Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • দুবাইয়ে খুন প্রবাসীর মরদেহ কচুয়ায় দাফন, বিচারের দাবি পরিবারের

দুবাইয়ে খুন প্রবাসীর মরদেহ কচুয়ায় দাফন, বিচারের দাবি পরিবারের

দুবাইয়ে খুন প্রবাসীর মরদেহ কচুয়ায় দাফন

নিজস্ব প্রতিবেদক:

উন্নত জীবনের আশায় ২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান (আবু তাহেরের ছেলে)। পরিবারের মুখে হাসি ফোটানো ও স্ত্রী-সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রবাসে গেলেও শেষ পর্যন্ত কফিনবন্দি হয়েই ফিরতে হলো তাকে। দুবাইয়ে হত্যাকাণ্ডের শিকার এই প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

গত ২০ নভেম্বর রাতে দুবাই থেকে বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহিন খানের মরদেহ পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, সন্তান ও স্বজনরা। পরে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বজনদের সূত্রে জানা গেছে, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান র‍্যাঞ্চেস এলাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হন মহিন খান। একই সময়ে নিখোঁজ হন তার কোম্পানির বস ও বসের স্ত্রী। পরবর্তীতে ১৩ জুলাই দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের বিষয়ে আবেদন করা হয়। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর আবুধাবির মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় মহিন খানসহ তিনজনের মরদেহ উদ্ধার করে দুবাই সিআইডি পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী স্বর্ণা আক্তার। মাত্র ৯ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি। স্বজনদের দাবি, মহিন খান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি দুবাইয়ে মহিনের ব্যবহৃত প্রাইভেট গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র এবং মূল্যবান মালামাল উদ্ধারে দুবাইস্থ বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে, মহিন খানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ম সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক সদস্য, কচুয়ার কৃতী সন্তান ডা. মো. আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহতের পরিবার।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে থানার কাছে সরাসরি কোনো তথ্য নেই।

দীর্ঘ ১৯ বছর আগে দেশ ছাড়া মহিন খানের এমন করুণ পরিণতিতে পালগীরি গ্রামসহ পুরো কচুয়ায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর একটাই দাবি—হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হোক এবং অসহায় স্ত্রী-সন্তানের পাশে দাঁড়াক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

22 November 2026

দুবাইয়ে খুন প্রবাসীর মরদেহ কচুয়ায় দাফন, বিচারের দাবি পরিবারের

www.hostbuybd.com