নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছে তার সাড়ে তিন বছর বয়সী বোন মরিয়ম আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাছ ও আহত মরিয়ম ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হঠাৎ একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে দুটি বসতঘর পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু আগুনে দগ্ধ হয়। ঘটনাস্থলেই দুই বছরের শিশু আনাছের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত মরিয়মকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অগ্নিকাণ্ডে মো. মিজানুর রহমান ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘর দুটির আসবাবপত্রসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত আরেক শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন।














