আন্তর্জাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনস্যুলেট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় কনস্যুলেট জানায়, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজনের প্রাণহানিতে তারা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টার হটলাইন নম্বর (৮০০-৪৬৩৪২) চালু করেছে কনস্যুলেট। তবে নিহতদের মধ্যে ঠিক কতজন ভারতীয় নাগরিক রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে দেশটির আল ওয়াতান সড়কের দক্ষিণাঞ্চলীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৪১ জন যাত্রী নিয়ে চলাচলকারী একটি বাস সড়কের পাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন; তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রাস আল খাইমাহ পুলিশ, দুবাই অ্যাম্বুলেন্স এবং দুবাই সিভিল ডিফেন্সের বিশেষায়িত উদ্ধার ও জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্ত শুরু করেছে আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে গত ১২ নভেম্বর দেশটির ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় ১০ আমিরাতি ও চার ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন।
সূত্র: গালফ নিউজ














