বাসস:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), একই এলাকার নলবনিয়ার সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং মরদেহগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














