নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ধসে একটি মাদ্রাসার ওপর মাটি ধসে পড়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৮ জুলাই) দুপুরের দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো—রাশিদা বেগম (১৩), উম্মে নাজমা (১৩), উম্মে সালমা (১২), উমাইসা বিবি (১৩) ও শাহিদা (৮)। নিহত বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে উখিয়ায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে পাহাড়ের মাটি নরম হয়ে গেলে বুধবার দুপুরের দিকে ক্যাম্প-৫-এর একটি ব্লকে অবস্থিত ওই মাদ্রাসার ওপর পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে। এতে মাদ্রাসাটি পুরোপুরি চাপা পড়লে ভেতরে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ে বলে আশঙ্কা করা হচ্ছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে মাটির নিচে আর কতজন আটকা পড়ে আছে তা এখনো স্পষ্ট নয়।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। স্থানীয় রোহিঙ্গারাও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করছেন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানানো সম্ভব নয় বলে তিনি জানান।
উল্লেখ্য, টানা ভারী বৃষ্টির কারণে গত কয়েকদিনে কক্সবাজারে পাহাড়ধস ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। মঙ্গলবার সকালে কক্সবাজার শহরে পাহাড়ধসে একজনের মৃত্যু হয়। এছাড়া সোমবার রোহিঙ্গা ক্যাম্পে আটজন এবং কক্সবাজার শহর ও পেকুয়ায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে এক রোহিঙ্গাসহ দুই শিশুর মৃত্যু হয়েছে।












