স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমি ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজারের যন্ত্রাংশ ভেঙে এবং প্লাস্টিকের পাইপ কেটে অকেজো করে দেওয়া হয়। অভিযানের সময় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সোমবার (২৪ নভেম্বর) শেষ বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের গুদারাচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ উল্লাহ পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গুদারাচর এলাকায় প্রায় ৭০ শতাংশ নিচু জমি ভরাটের কাজ চলছিল। অবৈধভাবে ড্রেজার চালানোর খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে প্রশাসনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। এ সময় ড্রেজারের ঠিকাদারের প্রতিনিধি, মাছ ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জড়ো হন। উপস্থিত ব্যক্তিদের কয়েকজন জানান, রবিবার দুপুর থেকে ড্রেজারটি চালু করা হয়েছে।
ড্রেজার ও জমির মালিকপক্ষের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী নিজেকে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তিনি ওই চরে মাছ চাষ করেন বলেও জানান। ইউএনওর প্রশ্নের জবাবে অবৈধভাবে ড্রেজার পরিচালনার বিষয়টি স্বীকার করেন তিনি। তবে ইউএনওর প্রায় তিন মাস ধরে অবৈধ ড্রেজার চালানোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী দাবি করেন, এটি অন্য ড্রেজার।
অভিযানকালে বিধি অনুযায়ী দুই লাখ টাকা জরিমানার কথা জানান ইউএনও। পরে মোহাম্মদ আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে এক লাখ টাকা কমানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতেও সম্মত হননি। একপর্যায়ে প্রশাসনের নির্দেশে কর্মচারী ও শ্রমিকরা ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ ভাঙা এবং কেটে অকেজো করার কাজ শুরু করেন।
এ সময় মোহাম্মদ আলী ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে উদ্দেশ করে উচ্চস্বরে বলেন, ‘ভবিষ্যতে আপনি ও সাংবাদিকরাও ফরিদগঞ্জে থাকবেন, আমরাও থাকবো, তখন দেখা যাবে।’ এ বক্তব্যকে হুমকি হিসেবে উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিবাদ জানান প্রেসক্লাব সভাপতি। তিনি ঘটনাস্থলে উপস্থিত ইউএনও ও ওসির দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় ইউএনও ও ওসি দুজনেই মোহাম্মদ আলীকে এ ধরনের আচরণ না করার বিষয়ে সতর্ক করেন। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রেসক্লাব সভাপতির প্রশ্নের জবাবে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ‘আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আমরা নজর রাখব।’
এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘এ ধরনের হুমকি স্বাধীন গণমাধ্যম ও সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আমরা তথ্য মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের স্থায়ী প্রতিকার চাই।’ তিনি আরও বলেন, নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদেরই হুমকির মুখে পড়তে হচ্ছে, যা উদ্বেগজনক।
ফরিদগঞ্জ থানার ওসি এরশাদ উল্লাহ বলেন, তিনি পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী। গণমাধ্যমকর্মীদের হুমকি দেওয়া আইনত অপরাধ। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়েই তাঁরা চাকরিতে যোগ দিয়েছেন।
অভিযানের বিষয়ে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, ‘আমরা কেরোয়া গ্রামের গুদারাচরে সরেজমিনে উপস্থিত হয়ে সরকারের নিষিদ্ধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ, আলামত ও স্বীকারোক্তি পেয়েছি। বিধি মোতাবেক জরিমানার ঘোষণা দিয়েছি। কিন্তু মালিকপক্ষের অসহযোগিতার কারণে আমরা মালামাল অকেজো করে দিতে বাধ্য হয়েছি।’
অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।














