ফরিদগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতিসন্তান তারেকুর রহমান। তাঁকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।
২১ নভেম্বর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও মহানগর যুবদলের ঘোষিত সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের জন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকার ২ নম্বর ক্রমিকে সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই দায়িত্ব তালিকায় সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মামুন হোসেন ভূঁইয়া।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এদিকে ফরিদগঞ্জের সন্তান তারেকুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁরা এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।














