বিনোদন ডেক্স:
ঈশ্বরদীতে সম্প্রতি এক মর্মান্তিক ও অমানবিক ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রী নিশি বেগম ৮টি সদ্যোজাত কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা করেছেন বলে জানা গেছে। এই পৈশাচিক ঘটনা সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদেরও বিবেককে নাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ঈশ্বরদী উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় মা কুকুরটি ৮টি ছানার জন্ম দেয়। গত ১ ডিসেম্বর, হঠাৎ মা কুকুরটিকে অস্বাভাবিকভাবে ছুটোছুটি করতে ও করুণভাবে কাঁদতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানা যায়, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। পরবর্তীতে পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করা হলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। ছানাগুলোকে পরে মাটিচাপা দেওয়া হয়। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুরটি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছে।
অভিযুক্ত কর্মকর্তা হাসনুর রহমান নয়ন গণমাধ্যমকে তাঁর স্ত্রীর এমন কাজের সত্যতা স্বীকার করে বলেন, “আমার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্ত্রী ছানাগুলোকে সরাতে বলেছিল। কিন্তু সেগুলোকে মেরে ফেলা হবে, তা ভাবিনি। আমি লজ্জিত ও দুঃখিত।”
এই অমানবিক ঘটনাটি শোবিজ অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একাধিক জনপ্রিয় তারকা সামাজিক মাধ্যমে তাঁদের ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
- জয়া আহসান: প্রাণী অধিকার সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসান এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।” তাঁর এই পোস্টে অনেকেই একাত্মতা প্রকাশ করে প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলেছেন।
- নিলয় আলমগীর: অভিনেতা নিলয় আলমগীর তাঁর পোস্টে মা কুকুরটির কষ্টের দিকটি তুলে ধরেছেন। তিনি বলেন, “মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটা বার চিন্তা করে দেখুন তো, বস্তার ভিতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে। এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে… এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
- তৌসিফ মাহবুব: অভিনেতা তৌসিফ মাহবুব জানিয়েছেন, খবরটি দেখার পর থেকে তিনি স্বাভাবিক হতে পারছেন না। সামাজিক মাধ্যমে এক মন্তব্যের ঘরে তিনি লেখেন, “সকালে নিউজটা দেখার পর থেকে এখনও নরমাল হতে পারছি না।”
- সাদিয়া আয়মান: অভিনেত্রী সাদিয়া আয়মান এই কাজটিকে “মানসিক বিকৃতি ও অমানবিকতার চূড়ান্ত প্রকাশ” বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে কীভাবে একজন মহিলা পানিতে ডুবিয়ে হত্যা করতে পারলেন! এমন জঘন্য অপরাধের জন্য তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো অমানবিক মানুষ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।”
এই নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে ঈশ্বরদী উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, অসুস্থ মা কুকুরটির চিকিৎসার দায়িত্ব প্রাণিসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়েছে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/













