Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • অর্থনীতি
  • পোশাক শ্রমিকদের নতুন মজুরি: মালিকপক্ষের প্রস্তাব জমা, আপাতত গোপন রাখার সিদ্ধান্ত

পোশাক শ্রমিকদের নতুন মজুরি: মালিকপক্ষের প্রস্তাব জমা, আপাতত গোপন রাখার সিদ্ধান্ত

পোশাকশ্রমিকদের নতুন মজুরি: মালিকপক্ষের প্রস্তাব জমা, আপাতত গোপন রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডে জমা পড়েছে। তবে স্টেকহোল্ডারদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা এড়াতে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে প্রস্তাবটি আপাতত প্রকাশ না করার কথা জানানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে ওই দিন বেলা সাড়ে ১১টায় বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। নামাজের বিরতি দিয়ে বিকেল প্রায় ৪টা পর্যন্ত আলোচনা চলে। সভা শেষে চেয়ারম্যান জানান, বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। পাশাপাশি বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শন করে সংগৃহীত তথ্য-উপাত্তও সভায় তুলে ধরা হয়েছে। আলোচনা শেষে পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হবে।

মালিকপক্ষের প্রস্তাব গোপন রাখার কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব মালিকপক্ষের। তাই এ পর্যায়ে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি হোক, তা বোর্ড চায় না। এ কারণেই সর্বসম্মতভাবে প্রস্তাবটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ওপর নির্ভর না করে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ‘আকাশ-পাতাল ব্যবধান’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে মালিকপক্ষকে প্রস্তাব সংশোধন করে আলোচনায় আসতে হবে। দ্রুত সমঝোতায় পৌঁছাতে প্রয়োজন হলে রাত ১০টা পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।

বাবুল আখতার আরও বলেন, শ্রমিকদের আন্দোলন মজুরি বোর্ডের সভার ওপর নির্ভরশীল নয়; নতুন মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে পারে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ৩২ হাজার টাকা, সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। সরকার আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দিয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 November 2026

পোশাক শ্রমিকদের নতুন মজুরি: মালিকপক্ষের প্রস্তাব জমা, আপাতত গোপন রাখার সিদ্ধান্ত

www.hostbuybd.com