আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের একাধিক স্থানে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর পর পুরো শহরে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে প্রশাসন। গত শনিবার (২১ নভেম্বর) নগর পুলিশের দাপ্তরিক ইমেইল আইডিতে এই হুমকিবার্তা পাঠানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে জানানো হয়েছে, ইমেইলটিতে মুম্বাইয়ের ২৬/১১-এর মতো ভয়াবহ হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হায়দরাবাদের ব্যস্ততম কাচিগুদা রেলওয়ে স্টেশন এবং এর পার্শ্ববর্তী একটি হোটেলের নাম উল্লেখ করা হয়েছে।
জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার পক্ষ থেকে ইমেইলটি পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে বলা হয়, জম্মু ও কাশ্মীরে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাটের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে।
তবে হায়দরাবাদ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানান, প্রাথমিক তদন্তে ইমেইলটি ভুয়া বা ‘হোক্স’ বলেই মনে হচ্ছে। তা সত্ত্বেও কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
হায়দরাবাদ সিটি পুলিশের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমকির ইমেইল পাওয়ার পরপরই তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ ও সন্দেহজনক স্থানগুলোতে নাশকতাবিরোধী তল্লাশি চালানো হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান পুলিশি টহল বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে যেকোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ভীতিপ্রদর্শক এই ইমেইলটির উৎস শনাক্ত করতে এবং এর পেছনে জড়িত অপরাধীদের খুঁজে বের করতে সাইবার ক্রাইম পুলিশ সক্রিয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।












