নিজস্ব প্রতিবেদক:
নতুন আইফোন বাজারে আসার আগেই বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের উন্মাদনা শুরু হওয়া নতুন কিছু নয়। তবে এবার আইফোন ১৮-এর আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অভিনব ও হাস্যরসাত্মক ট্রেন্ড চালু হয়েছে। আইফোন কেনার অর্থ জোগাড় করতে ‘কিডনি বিক্রির’ কাল্পনিক দৃশ্য নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল।
ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে ব্যান্ডেজ পরা অবস্থায় হাতে নতুন আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে পোজ দিচ্ছেন কোনো ক্রেতা। আবার কোথাও অস্ত্রোপচারের পরপরই হাসপাতালের পোশাকে সেলফি তোলার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। কোনো কোনো ছবিতে ব্যান্ডেজ ও রিস্টব্যান্ডসহ সরাসরি অ্যাপল স্টোরের ভেতর থেকে নতুন আইফোন হাতে বেরিয়ে আসার দৃশ্যও দেখা যাচ্ছে।
তবে এসব ছবির সঙ্গে কোনো ধরনের অস্ত্রোপচার বা বাস্তব কিডনি বিক্রির ঘটনার কোনো সম্পর্ক নেই। মূলত বিভিন্ন এআই টুলের মাধ্যমে সাধারণ ছবির সঙ্গে হাসপাতালের বিছানা, চিকিৎসা সরঞ্জাম এবং ব্যান্ডেজ জাতীয় উপাদান যুক্ত করে এসব দৃশ্য তৈরি করা হচ্ছে। নিখুঁত প্রম্পট ব্যবহারের মাধ্যমে নিজের ছবিতেও এমন দৃশ্য তৈরি করছেন ব্যবহারকারীরা।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ট্রেন্ড কেবল বিনোদন ও সামাজিক মাধ্যমে মজার কনটেন্ট তৈরির উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে। তবে ছবিগুলো এতটাই বাস্তবসম্মত হয়ে থাকে যে অনেক সময় সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। তাই এই ধরনের কাল্পনিক ও এআই-নির্ভর ছবি প্রকাশের সময় ক্যাপশনে বা ছবির বিবরণে সেগুলোর কাল্পনিক রূপের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।








