নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তিসংগত কারণ ছাড়া এ সময়ে মোটরসাইকেল চালানো যাবে না।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি বা যুক্তিসংগত প্রয়োজন ছাড়া মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালককে হালনাগাদ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২১ নভেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।
জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরবাসীকে পুলিশের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে এসএমপি।














