স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির গাজীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ যোহর তাঁর মরদেহ চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের পূর্ব গুলিসা গ্রামের বেপারী বাড়ী জামে মসজিদের মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়।
মঙ্গলবার মধ্য রাত ২টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির গাজী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) এবং তিনি ২ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে মরহুমের বিদেহী আত্মার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা পুষ্পস্তবক অর্পণ করেন। এর পূর্বে পুলিশের একটি চৌকস দল চাঁদপুর সদর থানার ওসি তদন্ত মিন্টু দত্তের নেতৃত্বে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। গার্ড অব অনার শেষে ওই মাঠেই মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় স্থানীয় ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কাদির, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ বিভাগের সদস্য, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত এলজিডির চাঁদপুর সদর উপজেলায় ইলেকট্রিশিয়ান পদে কর্মরত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির গাজী ছিলেন ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের উত্তর হাঁসা গ্রামের বন্দগজারিয়া গ্রামের মৃত আব্দুল খালেক গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের পূর্ব গুলিসা গ্রামে নিজ বাড়িতে পরিবারসহ বসবাস করছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট নাম্বার ৭৩১ তালিকা ৩৬০৮, ২১-৫-২০২৫ তারিখে প্রকাশিত। স্থানীয়রা জানিয়েছেন, তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরো সংবাদ দেখুন: http://www.hamcharprotidin.com










