Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • মডেল মসজিদগুলো সমাজে আনবে শান্তি ও একতা: ধর্ম উপদেষ্টা

মডেল মসজিদগুলো সমাজে আনবে শান্তি ও একতা: ধর্ম উপদেষ্টা

ডেক্স রিপোর্টঃ

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সারাদেশে নির্মিতব্য ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে ৩৫০টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই মসজিদগুলো সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং একতাবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শুক্রবার খুলনার নুরনগরে মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন এবং বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খালিদ হোসেন বলেন, এই মসজিদগুলো নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে এবং একটি ভাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, যা সমাজ থেকে অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করবে।

ইমামদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, খুতবার আগে সামাজিক সমস্যাগুলো ইসলামের আলোকে মুসল্লিদের মাঝে তুলে ধরতে হবে। তিনি জানান, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুতই গেজেট আকারে প্রকাশিত হবে, যা ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরির নিশ্চয়তা দেবে এবং তারা নির্দিষ্ট হারে মাসিক বেতন পাবেন। গত বছর সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রায় চার কোটি টাকা অনুদান প্রদান করেছে বলেও তিনি জানান।

ড. খালিদ হোসেন আরও বলেন যে, কারাগারের ভেতরে আসামিদের আলেম-ওলামাদের মাধ্যমে কোরআন ও হাদিসের শিক্ষা প্রদানের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে যাকাত ফান্ডের ১ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 July 2025

মডেল মসজিদগুলো সমাজে আনবে শান্তি ও একতা: ধর্ম উপদেষ্টা

www.hostbuybd.com