হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে ধারণ করে সারা দেশে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করা সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ‘বিডি ক্লিন’-এর একটি নতুন ঢেউ এখন চাঁদপুরের হাইমচরে। ২০২৪ সালের এপ্রিল মাসে মেঘনাপাড়ের এই উপজেলায় যাত্রা শুরু করা ‘বিডি ক্লিন হাইমচর’ টিম অল্প সময়েই ৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবীকে একত্রিত করে এক সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।
বিডি ক্লিন হাইমচর টিমের শুরুটা ছিল স্থানীয় তরুণ সমাজের অনুপ্রেরণা, অহিদুজ্জামান রিয়াদের হাত ধরে। নিজের হাতে ঝাড়ু তুলে নিয়ে তিনি মেঘনাপাড়, বাজার, ঘাট এবং জনবহুল স্থানে পরিচ্ছন্নতা আন্দোলনের সূচনা করেন। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগে সাড়া দিয়ে অল্প সময়ের মধ্যেই প্রায় ৫০ জনের বেশি তরুণ-তরুণী এই টিমের সঙ্গে যুক্ত হন।
টিমের সদস্যরা শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমেই সীমাবদ্ধ নন, তাঁরা বিশ্বাস করেন— পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। এই বিশ্বাস থেকেই তাঁরা নিজেরা উদাহরণ সৃষ্টি করে “নিজে পরিষ্কার করি, অন্যকে উদ্বুদ্ধ করি” এই ধারণাকে হাইমচরে জনপ্রিয় করে তুলছেন। বিডি ক্লিন হাইমচর টিমের প্রধান উদ্দেশ্যগুলো হলো হাইমচরকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা হিসেবে গড়ে তোলা। জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। প্লাস্টিক বর্জ্য ও অপরিচ্ছন্ন পরিবেশ কমিয়ে আনা। তরুণ সমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করা।
এই স্বেচ্ছাসেবী দলটি নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে— সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, স্কুল-কলেজে সচেতনতা সভা, নদীতীর ও জনবহুল স্থানে বর্জ্য পরিষ্কার, প্লাস্টিক বর্জ্য কমাতে প্রচারণা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতিটি অভিযানেই টিমের সদস্যরা নিজেরা হাতে ঝাড়ু, ব্যাগ ও অন্যান্য উপকরণ নিয়ে সক্রিয়ভাবে কাজ করেন।
বিডি ক্লিন হাইমচরের এই আন্দোলন সম্পর্কে উপ-সমন্বয়ক মোঃ সিয়াম হোসেন পাটওয়ারী বলেন, “বিডি ক্লিন হাইমচর আমাদের গর্বের একটি নাম। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল একটি পরিচ্ছন্ন, সচেতন ও পরিবেশবান্ধব হাইমচর গড়ে তোলা। তরুণ সমাজকে সাথে নিয়ে আজ বিডি ক্লিন হাইমচর একটি শক্তিশালী টিমে পরিণত হয়েছে। আমাদের স্বপ্ন— একটি পরিচ্ছন্ন হাইমচর, যেখানে পরিবেশ হবে স্বাস্থ্যকর, পরিচ্ছন্নতা হবে দৈনন্দিন জীবনের অংশ। আসুন, সবাই মিলে এই পরিবর্তনের অংশ হই।”
টিমটির ভবিষ্যৎ পরিকল্পনা সুদূরপ্রসারী। তারা হাইমচরকে সম্পূর্ণ পরিচ্ছন্ন উপজেলায় রূপান্তর করতে চান। এর জন্য প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা ইউনিট গঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা এবং দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। চূড়ান্ত লক্ষ্য হলো— হাইমচরকেবিডি ক্লিনের একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা।
বর্তমানে বিডি ক্লিন হাইমচর শুধু একটি স্বেচ্ছাসেবী টিম নয়, এটি একটি আন্দোলন, যা হাইমচরের মানুষের মধ্যে আশা, ঐক্য ও সচেতনতার আলো ছড়িয়ে দিচ্ছে। তাদের লক্ষ্য একটাই— “পরিচ্ছন্ন হাইমচর, সুন্দর হাইমচর”।
আরো দেখুন: https://banglaralo24tv.com/
















