নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াত-ই-ইসলামীকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি বলেন, “জামায়াতকে ভোট দিবেন না। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার লাশ পাবেন।”
কর্মী সম্মেলনে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে অ্যাডভোকেট ফজলুর রহমান নিজেকে ‘ফজা পাগলা’ হিসেবে পরিচয় করিয়ে দেন। যারা তাকে এই উপাধি দিয়েছে, সেই জামায়াতকে তিনি ‘স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী’ শক্তি হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, “আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। এই টাইটেলটা হলো আমি হইলাম ‘ফজা পাগলা’। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে, তাদের নাম হলো স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাইলে আমার লাশ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন?”
ফজলুর রহমান জামায়াতের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে নিজের ওপর আসা ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কী বকা দেয় বুঝবেন না আপনারা। কী বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কী? আমিতো জামায়াতে ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই।”
তিনি জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘গণ্ডগোল’ বলে আখ্যায়িত করার অভিযোগ তোলেন। ফজলুর রহমান বলেন, “তারা যখন ৫ আগস্টের পর বলতে শুরু করলো, ৪৭ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর ২৪ সনে শেষ মুক্তিযুদ্ধ হইছে। একাত্তর সনে একটা গন্ডগোল হইছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগাইয়া দিছিলো, একাত্তর সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই।”
উক্ত কর্মী সম্মেলনে ফজলুর রহমানের সহধর্মিণী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















