মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার উন্নয়ন ভাবনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা আজ সোমবার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। তিনি তার বক্তব্যে জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
জেলা প্রশাসক বলেন, “জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট কার্যক্রমকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। জেলা প্রশাসক উল্লেখ করেন যে উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি যেকোনো অনিয়ম বা অসংগতি দায়িত্বশীলভাবে উপস্থাপন করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ও সুধীজনেরা মুক্ত আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় যে সকল বিষয় গুরুত্ব পায় নির্বাচনকালীন গণমাধ্যম আচরণবিধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, উন্নয়ন সংবাদ পরিবেশনের কৌশল, জেলার নানা সমস্যা।
এই কর্মশালা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় এবং স্বচ্ছতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















