বিনোদন ডেস্ক:
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি এবং তার কালজয়ী সৃষ্টি ‘ব্যাচেলর পয়েন্ট’ মানেই নতুন কোনো চমক। তবে এবার চমকটা শুধু গল্পে নয়, ভৌগোলিক সীমানা পেরিয়ে পৌঁছে গেছে হিমালয়ের দেশ নেপালে। দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে শুটিং হচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালটির পঞ্চম সিজনের। আর এই নেপাল মিশন ঘিরেই দানা বেঁধেছে এক রহস্যময়ী রূপসীকে নিয়ে উত্তেজনা।

সম্প্রতি পরিচালক অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নেপালি অভিনেত্রীর ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন— ‘অনুমান করুন তো, এই চরিত্রটি কে হতে পারে?’ ব্যাস, এরপরই যেন ইন্টারনেটে মন্তব্যের ঝড় বয়ে যায়। জানা গেছে, এই অভিনেত্রীর নাম রাজেশ্রী থাপা।
পরিচালক রহস্য জিইয়ে রেখে জানিয়েছেন, রাজেশ্রী থাপা এই সিজনের ‘নিউ সেনসেশন’। দর্শকরা তাকে দেখতে পাবেন ‘চ্যাপ্টার ১২’-তে। তবে তার চরিত্রটি ঠিক কী, তা নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই।

অমির সেই পোস্টের নিচে ভক্তদের ‘ক্রিয়েটিভ’ এবং হাস্যরসাত্মক মন্তব্যে রীতিমতো বিনোদনের মেলা বসেছে। কিছু উল্লেখযোগ্য মন্তব্য ছিল এমন:
- কারও ধারণা, “ইনি নির্ঘাত মতবলের নেপালি বউ!”
- কেউ আবার হাবু ভাইয়ের একাকীত্ব ঘুচিয়ে বলছেন, “অবশেষে হাবু ভাইয়ের কপালে প্রেমিকা জুটল।”
- পাশা ভাইয়ের ভক্তরা দাবি করছেন, “উনি আসলে পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অরিজিনাল মালিক!”
- অনেকে আবার কাবিলা ভক্তদের প্রিয় ‘রোকেয়া’র ছায়া খুঁজছেন এই অভিনেত্রীর মাঝে।

নেপালের মনোরম লোকেশনে শুটিংয়ে অংশ নিয়েছেন কাবিলা (পলাশ), পাশা ভাই (মারজুক রাসেল), হাবু (চাষী আলম), আরেফিন (শামীম হাসান সরকার) এবং নেহাল (তৌসিফ মাহবুব)।
সাফল্যের ধারাবাহিকতায় এবারের সিজনে নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া এবং জায়েফ।
কোথায় দেখবেন?
বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ একযোগে প্রচার হচ্ছে চ্যানেল আই টিভি, বুম ফিল্ম এবং বঙ্গ—এই তিন মাধ্যমে।
নেপালের পাহাড়ে ব্যাচেলরদের এই নতুন অভিযান এবং রাজেশ্রী থাপার রহস্যময় এন্ট্রি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা দেখতে মুখিয়ে আছেন কোটি দর্শক। ওয়ান মোর! ওয়ান মোর!








