Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সংসদে বিএনপির সমালোচনা করায় আশুগঞ্জে রুমিন ফারহানা অবাঞ্ছিত ঘোষণা

সংসদে বিএনপির সমালোচনা করায় আশুগঞ্জে রুমিন ফারহানা অবাঞ্ছিত ঘোষণা

সংসদে বিএনপির সমালোচনা করায় আশুগঞ্জে রুমিন ফারহানা অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে বিএনপির সরকারের সমালোচনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিজ এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দেওয়া এক বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির বিগত আমলের শাসনকাল ও বিভিন্ন সংকটের প্রসঙ্গ টেনে কঠোর সমালোচনা করেন। ওই বক্তব্যে তিনি বলেন, “প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া।”

সংসদে দেওয়া এই বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরী প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশের সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। তার বাবা নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট এবং ভারতের পক্ষে কাজ করছেন।”

তিনি আরও বলেন, “সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন তিনি। আমরা তার এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts