নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎখাতের নীতিগত ও পদ্ধতিগত ব্যর্থতার দায় জনগণের ওপর না চাপিয়ে এ খাতে সংস্কার ও অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুস আহমদ বলেন, “বর্তমানে দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জনজীবন চরম আর্থিক চাপে অতিষ্ঠ হয়ে আছে। সাধারণ মানুষের নিত্যদিনের খরচ কয়েকগুণ বাড়লেও সেই তুলনায় আয় বাড়েনি। এমন সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।”

বিদ্যুৎখাতের দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, “এই খাতে পদ্ধতিগত অপচয় বা সিস্টেম লস অনেক বেশি। সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎখাতে অহেতুক ব্যয় আকাশচুম্বী হয়েছে। সরকারের নিজস্ব নীতিগত ও পদ্ধতিগত ব্যর্থতার দায় সাধারণ জনগণের পকেট কেটে পূরণ করা যাবে না।”
তিনি সরকারকে পরামর্শ দিয়ে বলেন, “বিদ্যুতের দাম না বাড়িয়ে এ খাতের নীতি সংস্কার করুন এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা দূর করুন। সরকারের আয় বৃদ্ধির জন্য সাধারণ মানুষকে চাপে না ফেলে রাজস্ব আদায়ে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।”
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, নুরুল করীম আকরাম, মনসুর আহমদ সাকী, লোকমান হোসাইন জাফরী, মুফতি নুরুন্নবী, কেএম শরীয়াতুল্লাহ, এডভোকেট বরকত উল্লাহ লতীফ ও শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জনস্বার্থ রক্ষায় রাজপথে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন










