Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ দুই দশক পর চাঁদপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মে তাঁর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছে, অন্যদিকে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এই সফরে সরকারি ও দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে:

  • খাল পুন:খনন প্রকল্প: সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় শাহরাস্তি উপজেলার ওয়ারুক খোর্দ্দ খাল এবং সদর উপজেলার ঘোষেরহাট বিশ্ব খাল পুন:খনন কাজের উদ্বোধন।
  • ফ্যামিলি কার্ড বিতরণ: চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এখান থেকেই একযোগে দেশের আরও ২২টি জেলার কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে।
  • মতবিনিময়: দলীয় নেতাকর্মীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর সফরসূচির স্থানগুলো দফায় দফায় পরিদর্শন করছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক মাঠ পর্যায়ে কাজের তদারকি করছেন।

এছাড়া চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক সংস্কার ও শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান নিয়মিত প্রস্তুতিগুলো পর্যবেক্ষণ করছেন।

নিরাপত্তার বিষয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরসূচির পাঁচটি ভ্যানুতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রায় ২ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। গোয়েন্দা সংস্থাগুলোও গত কয়েকদিন ধরে বিশেষ নজরদারি চালাচ্ছে।

দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা এবং স্বাগত মিছিল অব্যাহত রয়েছে।

“প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম চাঁদপুর সফর। আমরা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাবো তাঁর কাছে। ফ্যাসিবাদের সময়ে চাঁদপুরে কোনো উন্নয়ন হয়নি, এবার চাঁদপুরবাসী নতুন দিনের আলো দেখবে।” — শেখ ফরিদ আহমেদ মানিক, সংসদ সদস্য, চাঁদপুর-৩।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান আশা প্রকাশ করেন, প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর এই সফর সফলভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts