Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুস্থ সম্পর্ক সম্ভব নয়: রিজভী

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুস্থ সম্পর্ক সম্ভব নয়: রিজভী

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুস্থ সম্পর্ক সম্ভব নয়: রিজভী।

নিজস্ব প্রতিবেদক:

সীমান্তে অব্যাহত প্রাণহানি ও রক্তপাত বন্ধ না হলে প্রতিবেশী ভারতের সঙ্গে কোনোভাবেই সুস্থ ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক পর্যায়ে নিতে হলে সীমান্তে বিএসএফের গুলি ও হত্যাকাণ্ড জরুরি ভিত্তিতে বন্ধ করতে হবে।

রোববার (১০ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম জাতীয় কাউন্সিল ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতির তীব্র সমালোচনা করে রিজভী বলেন, “অনেকেই প্রচার করেন ঢাকা-দিল্লির মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান। কিন্তু বাস্তবতা হলো, গতকালও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। যদি সম্পর্ক সত্যিই সুন্দর হয়, তবে সীমান্তে এই রক্তক্ষরণ কেন? এগুলো কিসের আলামত?”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এ দেশের মানুষ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করে সরকার গঠন করবে এবং নিজেদের ভাগ্য নিজেরা পরিচালনা করবে। একইভাবে ভারতও তাদের রাষ্ট্র পরিচালনা করবে। আমরা চাই দুই দেশের মধ্যে একটি সৎ প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক।”

দীর্ঘ সময় পর দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “প্রায় ১৭ বছর পর দেশে একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এই বিজয় সহজে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজপথের সংগ্রাম, গুম, খুন ও অবর্ণনীয় নির্যাতনের ইতিহাস।”

তিনি জুলাই বিপ্লবের গুরুত্ব তুলে ধরে বলেন:

“জুলাই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের সংগ্রামের চূড়ান্ত পরিণতি লাভ করেছে। এই ছাত্র-জনতার বিপ্লবের পর গঠিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বিশেষ করে উৎপাদনমুখী মানুষ ও পেশাজীবীদের স্বার্থ রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।”

রিজভী প্রত্যাশা ব্যক্ত করেন যে, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত হওয়ায় তারা সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের বিভিন্ন দাবি-দাওয়া এবং দেশের অবকাঠামো উন্নয়নে তাদের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts