Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশ নিতে তেহরানে স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরান পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রাষ্ট্রীয় সফরে তিনি বর্তমানে ইরান অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ইরানের রাজধানী তেহরানে পৌঁছালে বিমানবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

সফরের অংশ হিসেবে শুক্রবার তেহরানে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এ সময় তিনি ইরানের এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে দেশটির সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের স্পিকার। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) প্রক্রিয়া এগিয়ে নিতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্পিকার হাফিজ উদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরান ও বৃহত্তর অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।

আলোচনাকালে চলমান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার। তিনি সব অমীমাংসিত সমস্যার টেকসই সমাধানে উভয় পক্ষের সদিচ্ছার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার ইরানি প্রতিপক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts