স্টাফ রিপোর্টার:
বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে এবং কথা দিয়ে কথার বরখেলাপ করেছে। সাধারণ মানুষ এই প্রতারণা ক্ষমা করবে না।
১১ দলীয় ঐক্য জোটের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জবাসীকে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় আপনারা রক্ত ঢেলেছেন, আপনাদের সেই লড়াইয়ের শহীদ সঙ্গীদের দাবি আজও পূরণ হয়নি। সেই দাবি পূরণ করতেই আমরা রাস্তায় নেমেছি এবং দাবি আদায় করেই ঘরে ফিরব।”
লংমার্চের মূল উদ্দেশ্য তুলে ধরে তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, ২৪-এর চার্টার বাস্তবায়ন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বাতি জ্বালানোর সুব্যবস্থা করার লক্ষ্যেই এই আন্দোলন চলছে। আজকের এই লংমার্চ কেবল শুরু, এর সমাপ্তি হবে চূড়ান্ত বিজয়ের মাধ্যমেই। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—
- কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম (চেয়ারম্যান, এলডিপি)
- মিয়া গোলাম পরওয়ার (কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী)
- মাওলানা মুহাম্মদ মামুনুল হক (আমির, কেন্দ্রীয় খেলাফত মজলিস)
- নাহিদ ইসলাম (কেন্দ্রীয় আহ্বায়ক, এনসিপি ও সংসদ সদস্য)
- আব্দুল্লাহ আল আমীন (কেন্দ্রীয় এনপিপি নেতা ও সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪)
- এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।









