Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মায়ের হাত ধরে হাঁটার সময় ট্রলির ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশুর

মায়ের হাত ধরে হাঁটার সময় ট্রলির ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশুর

মায়ের হাত ধরে হাঁটার সময় ট্রলির ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশুর

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিনচালিত অবৈধ ট্রলির ধাক্কায় ফারিয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর থানার পূর্ব পাশে সুরুজ প্লাজার সামনের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারী ও ফারজানা আক্তার দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বেপরোয়া গতির ইঞ্জিনচালিত ট্রলি ফারিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করেছে।

নিহত শিশুর মা ফারজানা আক্তার আহাজারি করে বলেন, “আমার মেয়ে আমার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি এসে তাকে ধাক্কা দেয়। চোখের সামনে আমার মেয়েটা পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললেন, আমার মেয়ে আর নেই। যারা এভাবে বেপরোয়া গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলি ও টমটম অবাধে চলাচল করছে। এসব যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। শিশু ফারিয়ার মৃত্যুর পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চালককে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts