নিজস্ব প্রতিবেদক:
ফিবোনাকি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড এসটিইএম অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ে ‘Robo Tech Entrepreneurship & Project’ সেগমেন্টে গোল্ড মেডেল অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত ও তার দল। আগামী ডিসেম্বরে ইতালির রোমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-তে এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দলের অন্য সদস্যরা হলো— মাহিবা মানহা, তাসকিয়া তানহা, সোহানা ও জুনায়েদ।
তাদের উদ্ভাবিত বিজয়ী প্রজেক্ট ‘DELTA-X’ একটি বহুমুখী স্মার্ট রেসকিউ ও ডিফেন্স রোবট। ঝুঁকিপূর্ণ পরিবেশে মানুষের জীবন ঝুঁকিতে না ফেলে উদ্ধার ও পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে এতে রয়েছে লাইভ ভিডিও সিস্টেম, ESP32 ক্যামেরা, গ্যাস ও তাপমাত্রা সেন্সর, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জিপিএস ট্র্যাকিং এবং ৬-ডিওএফ রোবোটিক আর্ম।
এর আগে প্রিয়ন্ত I3C 2026 ও IWC 2026-এ গোল্ড মেডেল এবং ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পড়াশোনার পাশাপাশি সে ‘MechaNova Robotics’-এর প্রতিষ্ঠাতা এবং ‘চাঁদপুর রোবটিক্স ক্লাব’-এর ডিরেক্টর হিসেবে কাজ করছে। চলতি সেপ্টেম্বরে তুরস্কে এবং ডিসেম্বরে ইতালির রোমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এই তরুণ উদ্ভাবকরা।














