নিজস্ব প্রতিবেদক:
ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধন এবং তাঁর সঙ্গে থাকা নিরপরাধ নারী ও শিশুর ওপর নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা, ধিক্কার ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পতন ঘটা আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ থেকে পালিয়ে এখন বিদেশের মাটিতেও দেশের জুলাই যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী হামলা ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ভেনিসের মেস্ত্রে শহরে একজন সুপরিচিত সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধার ওপর এই জঘন্য হামলা প্রমাণ করে যে, তাদের হিংস্র ও খুনি মানসিকতা বিন্দুমাত্র বদলায়নি।
এনসিপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতি এবং তার সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা চিহ্নিত সন্ত্রাসী ক্যাডাররাই মূলত এই ন্যক্কারজনক হামলার পেছনে রয়েছে। বাঁধনকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, বিদেশে অবস্থানরত পরাজিত ফ্যাসিবাদের শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদদ ও উস্কানিতেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।
ফ্যাসিবাদী গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক পুনর্মিলন (রিকনসিলিয়েশন) সম্ভব নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে যে, এই রক্তচোষা গোষ্ঠীর স্থান কেবল আইনের কাঠগড়ায়। জুলাই যোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ; বিদেশের মাটিতে তাদের ওপর হামলা চালানোর দুঃসাহস কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।
হামলাকারীদের দ্রুত বিচার ও প্রবাসীদের নিরাপত্তার দাবি জানিয়ে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি স্পষ্ট বার্তা দেওয়া হয়। এতে বলা হয়, ইতালিয়ান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যৌথভাবে কাজ করে এই হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের ভিসা বাতিল করে বাংলাদেশে ডিপোর্ট (বহিস্কার) করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অবস্থানরত সকল জুলাই যোদ্ধা ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাসগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
হুঁশিয়ারি উচ্চারণ করে বিবৃতিতে আরও বলা হয়, ভেনিসের এই সন্ত্রাসী হামলায় জড়িতদের কূটনৈতিক ও আইনি মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা না হলে বর্তমান সরকারকে এর খেসারত দিতে হবে। এনসিপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক সব মঞ্চে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
উল্লেখ্য, গত সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে ইতালির মেস্ত্রে শহরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের দ্বারা শারীরিকভাবে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
আরো পড়ুন; https://banglaralo24tv.com/














