চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অসংখ্য নারী নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছেন।
মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দিয়ে তিনি বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। কোনো অন্যায়, অবিচার ও নিপীড়নের কাছে মাথা নত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার পাশাপাশি সমাজে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী ও আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদা খানম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অনন্তা চক্রবর্তী।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশসহ জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীদের একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অঙ্গীর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।















